দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এ অঞ্চলের মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন অসংখ্য সাহসী, সংগ্রামী ও দেশপ্রেমিক মানুষ।
১৯৪৭ সালের আগে বাংলাদেশ নামে স্বাধীন কোনো রাষ্ট্রের অস্তিত্ব না থাকলেও বাংলার ছিল নিজস্ব ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়। এই ভূখণ্ডের মানুষ বিভিন্ন সময়ে অন্যায় শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, গড়ে তুলেছেন আন্দোলন-সংগ্রাম।
উনবিংশ ও বিংশ শতাব্দীতে বাংলার রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ অসংখ্য প্রভাবশালী নেতা।
তাঁদের রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জনসম্পৃক্ততা উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রতিটি যুগেই যেমন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তেমনি ছিলেন ক্ষমতাকেন্দ্রিক ও ঔপনিবেশিক শাসনের সহযোগী ব্যক্তিরাও।
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ সংঘটিত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতা ও নবাবের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা বাংলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করে। পরবর্তী সময়ে ধীরে ধীরে সমগ্র ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন বিস্তৃত হয়।
তবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এ অঞ্চলের মানুষ কখনোই নীরব থাকেননি। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের সংগ্রাম, ফরায়েজি আন্দোলন, সিপাহি বিদ্রোহ, নীল বিদ্রোহসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদী চেতনার পরিচয় বহন করে। এসব আন্দোলনে ধর্ম, শ্রেণি ও সামাজিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের নানা দৃষ্টান্ত দেখা যায়।
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক পরিবর্তন ও স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তবে উপমহাদেশের বিভক্তির মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। বাংলা বিভক্ত হয়ে পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়, যা পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে।
পাকিস্তান রাষ্ট্রের দুটি ভৌগোলিক অংশের মধ্যে প্রায় এক হাজার মাইলের ব্যবধান ছিল। রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থনীতি, প্রশাসন ও উন্নয়নের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের প্রাধান্য এবং পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি বৈষম্য ক্রমেই রাজনৈতিক অসন্তোষ বাড়িয়ে তোলে। ভাষার অধিকার থেকে শুরু করে অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠে বিভিন্ন আন্দোলন।
মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ বহু রাজনৈতিক নেতা ও সংগঠকের নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন ক্রমেই স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যামূলক সামরিক অভিযান শুরু হলে স্বাধীনতার ঘোষণা ও প্রতিরোধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণাপত্র প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।
একবার ভেবে দেখুন, ১৭৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কত মানুষ নিজেদের অধিকার, স্বাধীনতা ও মর্যাদার জন্য সংগ্রাম করেছেন! শেরেবাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী, বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম কিংবা জিয়াউর রহমান—প্রত্যেকের রাজনৈতিক ভূমিকা ও ঐতিহাসিক অবস্থান নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। কিন্তু তাঁদের রাজনৈতিক জীবন থেকে একটি বিষয় স্পষ্ট, জনগণের অধিকার, রাষ্ট্রীয় স্বাধীনতা ও রাজনৈতিক পরিবর্তনের প্রশ্নে তাঁদের প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা ছিল।
তাঁদের রাজনৈতিক বক্তব্য, ভাষণ ও আন্দোলনের ধরন ছিল সময় ও পরিস্থিতি অনুযায়ী ভিন্ন। তাঁরা যুক্তি, বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছেন। প্রতিপক্ষের সমালোচনা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন ভাষা ব্যবহার না করেও যে শক্তিশালী রাজনৈতিক অবস্থান তুলে ধরা যায়, ইতিহাসে তার বহু দৃষ্টান্ত রয়েছে।
তাঁদের ভাষণে ছিল প্রতিবাদের শক্তি, যুক্তির দৃঢ়তা এবং অধিকার আদায়ের আহ্বান। তাঁদের বক্তব্য শুনতে হাজার হাজার মানুষ সমবেত হতেন। তরুণ সমাজ উদ্বুদ্ধ হতো আন্দোলন-সংগ্রামে অংশ নিতে। তাঁদের রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
আমরা আজও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে এসব মহান নেতার ছবি ব্যবহার করি। তাঁদের নামে স্লোগান দিই, তাঁদের আদর্শ অনুসরণের কথা বলি। কিন্তু প্রশ্ন হলো, তাঁদের আদর্শের কতটুকু আমরা নিজেদের রাজনৈতিক চর্চায় ধারণ করতে পেরেছি?
বাংলাদেশের রাজনীতিতে আজ এমন এক প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তি ও তথ্য দিয়ে মোকাবিলা করার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি, অশালীন মন্তব্য এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার বাড়ছে।
কিছু রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে নীতি, আদর্শ ও জনস্বার্থের আলোচনা চাপা পড়ে যাচ্ছে ব্যক্তিগত বিদ্বেষের কাছে। রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় অনেক সময় প্রাধান্য পাচ্ছে কে কাকে কতটা অপমান করতে পারলেন।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি আক্রমণের ক্ষেত্রে অশালীন ভাষার ব্যবহার নিয়ে নানা সমালোচনা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর অনেকেই আশা করেছিলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তরুণ প্রজন্ম যুক্তিনির্ভর, দায়িত্বশীল ও শালীন রাজনৈতিক চর্চার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
কিন্তু বাস্তবতায় এখনো বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও অসহিষ্ণুতার প্রকাশ দেখা যায়। শিক্ষিত ও সচেতন রাজনৈতিক ব্যক্তিদের একটি অংশের মধ্যেও এমন প্রবণতা হতাশাজনক।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক বক্তব্য ও প্রকাশভঙ্গিকে লেখক শালীন রাজনৈতিক ভাষার একটি উদাহরণ হিসেবে বিবেচনা করেন। বিরোধী মতের সমালোচনা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ না করে বক্তব্য ও যুক্তির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার চর্চা রাজনীতিতে গুরুত্বপূর্ণ।
রাজনীতি মানেই প্রতিপক্ষকে অপমান করা নয়। রাজনীতি হলো মানুষের অধিকার, রাষ্ট্রের উন্নয়ন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনকল্যাণ নিয়ে কথা বলা। একজন রাজনৈতিক নেতা তাঁর বক্তব্যের মাধ্যমে সমাজকে সচেতন করতে পারেন, তরুণদের অনুপ্রাণিত করতে পারেন এবং মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি করতে পারেন।
তাই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা শুধু রাজনৈতিক নেতাদের দায়িত্ব নয়, বরং দলের কর্মী, সমর্থক ও নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদেরও দায়িত্ব। মতের অমিল থাকতেই পারে, রাজনৈতিক বিরোধ থাকতেই পারে। কিন্তু সেই বিরোধ যেন ব্যক্তিগত অপমান, অশালীন ভাষা কিংবা সামাজিক বিভাজনের কারণ না হয়।
মানুষের ভাষা ও আচরণ তার ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের পরিচয় বহন করে। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখা সভ্য রাজনৈতিক সংস্কৃতির অন্যতম শর্ত।
আমরা এমন একটি রাজনৈতিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিপক্ষকে গালি দিয়ে নয়, যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে; ব্যক্তিগত আক্রমণ নয়, নীতি ও কর্মসূচি হবে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। যেখানে তরুণ রাজনীতিবিদেরা শিখবেন কীভাবে শালীন ভাষায় কঠোর প্রতিবাদ করতে হয় এবং কীভাবে ভিন্নমতকে সম্মান জানিয়ে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে হয়।
শিক্ষার মর্যাদা রক্ষা করুন, শিক্ষকের সম্মান অক্ষুণ্ন রাখুন। রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখুন। কলুষিত ও অশালীন ভাষা পরিহার করে রাজনীতির ভাষায় কথা বলুন।
কারণ, রাজনীতির শক্তি গালিতে নয়, যুক্তিতে; ব্যক্তিগত আক্রমণে নয়, আদর্শে; আর নেতৃত্বের প্রকৃত পরিচয় প্রকাশ পায় মানুষের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণে।
লেখক: শেখ মামুন
কবি, সাহিত্যিক ও কলামিস্ট
পাবনা সদর, পাবনা।