খুলনার মিরেরডাঙ্গা এলাকার বন্ধ ঘোষিত ঐতিহ্যবাহী অ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সহ সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে অ্যাজাক্স জুট মিলের শ্রমিক ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। মিলটির শ্রমিক মোজাহার মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান।
বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং অ্যাজাক্স জুট মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, আফজাল হোসেন, হুমায়ূন কবির, আবদুস ওয়াদুদ, মালেক মেম্বার, আবদুল হাই, আলাউদ্দিন, মোঃ ফারুক হোসেন, ইমদাদুল হক, মোঃ ইব্রাহিম মোল্লা, সাইদুল, সামসুল হক, মমিন মেম্বার ও মোতালেবসহ ভূক্তভোগী শ্রমিক নেতৃবৃন্দ।
সভা থেকে শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করার জোরালো দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দাবি আদায় না হলে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
জরুরি এই দাবি আদায়ের ধারাবাহিক পদক্ষেপ হিসেবে সভা থেকে আগামী ৫ আগস্ট সকাল ১১টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান এবং শ্রম দপ্তরের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।