ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ (২৩২ ব্যাচ, ৬৫তম ব্যাচ)-এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত মারা গেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চানগাঁও এলাকার একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
ইবনাতের অকাল প্রয়াণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার, সহপাঠী এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, এর আগে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছিল।