একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।
সভায় আসন্ন জন্মদিবস উদযাপন অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, সাংস্কৃতিক পরিবেশনা, অতিথি আপ্যায়ন এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে নির্ধারিত দায়িত্ব বণ্টন এবং অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালিপদ দাস, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, দপ্তর সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, নির্বাহী সদস্য সজীব চৌধুরী, অর্পিতা ঘোষ ও মো. রিয়াজসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, লোকসংস্কৃতির কিংবদন্তি শিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের শিল্প ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জন্মদিবসের অনুষ্ঠানকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত ও সফল করে তুলতে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার লোকসংস্কৃতির কিংবদন্তি শিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগীত, আবৃত্তি, নৃত্য, ঢোলবাদনসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।