দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলে সংশ্লিষ্ট কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক।
ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কড়া বার্তা দেন।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়নের যে অভিযাত্রা চলছে, তাতে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে স্থানীয় তৃণমূল জনপ্রতিনিধি পর্যন্ত সবাইকে একযোগে কাজ করতে হবে।
এই অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা চালানো হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
রাজনৈতিকভাবে বিএনপি একটি ইস্পাতকঠিন ও সুসংগঠিত দল উল্লেখ করে তিনি জানান, অতীতেও কোনো অপশক্তি এই দলকে দমন করতে পারেনি।
বিগত ফ্যাসিবাদী শাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর অন্যায় নির্যাতন চালানো এবং রাজনৈতিক সংকটকালে মাঠ ছেড়ে পালিয়ে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ইতিহাস বিরোধী শক্তির রয়েছে। সেই ধরনের অপশক্তির পুনরাবৃত্তি আর ঘটতে দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাসাস সাধারণ সম্পাদক বলেন, অপরাধী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সুযোগ নেই।
প্রশাসনকে নির্ভয়ে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে তিনি স্পষ্ট করেন,এমনকি খোদ বিএনপির নাম ব্যবহার করেও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে কিংবা কাজে বাধা দেয়, তবে তাকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেকোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সাধারণ নেতাকর্মীরা প্রশাসনকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের বহু আকাঙ্ক্ষার এই অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না। ব্যক্তি বা গোষ্ঠীর চেয়ে দেশকে প্রাধান্য দিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।