ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তার তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার আটারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী কার্যক্রম পরিচালনা করে পুলিশ।
অভিযান চলাকালে কথিত অনলাইন জুয়া সাইটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রবিনকে আটারবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল বাদশা এবং মায়ের নাম ফিরোজা বেগম।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় অনলাইন জুয়া সংক্রান্ত মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।