কালান্তর নিউজের প্রতিবেদনের পর সরল ময়লার স্তূপ, স্বস্তিতে আবুতোরাব বাজারবাসী
মোহাম্দ সালাহ উদ্দি মিরসরাই প্রতিনিধি:
দীর্ঘদিনের ময়লার স্তূপ, দুর্গন্ধ আর জনভোগান্তির অবসান ঘটেছে মিরসরাইয়ের আবুতোরাব বাজারের প্রবেশমুখে। কালান্তর নিউজে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের উদ্যোগে দ্রুত অপসারণ করা হয়েছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা।
গত ৮ আগস্ট আবুতোরাব বাজারের প্রবেশমুখে ময়লার স্তূপ নিয়ে কালান্তর নিউজে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাজারের গুরুত্বপূর্ণ প্রবেশপথে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকা, দুর্গন্ধ ছড়ানো এবং পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়।
এরপর সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয়দের উদ্যোগে ময়লার স্তূপটি সরিয়ে নেওয়া হয়। স্কেভেটর দিয়ে ময়লা অপসারণের ফলে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার হয়ে যায় এবং বাজারের প্রবেশমুখে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
এ উদ্যোগে বিশেষ সহযোগিতা করেন বিএনপি নেতা আলমগীর ও বিএনপি নেতা আলাউদ্দিন। অসুস্থ থাকা সত্ত্বেও আলাউদ্দিন ফোনের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করেন বলে সংশ্লিষ্টরা জানান। এছাড়া সোলেমানসহ স্থানীয়রা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
ময়লা অপসারণে স্কেভেটর দিয়ে সহযোগিতা করেন কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে বাজারের প্রবেশমুখে ময়লা জমে থাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব পেয়ে দ্রুত ময়লা অপসারণ করা হয়েছে। এতে বাজারের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, শুধু একবার ময়লা সরিয়ে ফেললেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা, নিয়মিত ময়লা অপসারণ এবং বাজারের প্রবেশমুখে যাতে কেউ যত্রতত্র আবর্জনা ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, সংবাদ প্রকাশের পর যেভাবে দ্রুত উদ্যোগ নিয়ে ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে, একইভাবে আবুতোরাব বাজারের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবেন।