দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”
তিনি আরও বলেন, “এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সব সিনিয়র অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে মীরসরাই থানার সব কর্মকর্তা ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওসি ফরিদা ইয়াসমিন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।