বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সব ধরনের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “২০২৫ সালের ১২ মে জারিকৃত প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণাও অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি দেশের সকল গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।”
সাম্প্রতিক বিভিন্ন অগ্নিসংযোগের ঘটনার কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হলো ধ্বংসের রাজনীতি। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের ইতিহাস রয়েছে। রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া বা বাসে আগুন দিয়ে পালানো সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে দমন করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী। সরকার এখন পর্যন্ত কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
সভায় প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং বার কাউন্সিলের আদলে একটি স্বতন্ত্র গণমাধ্যম কমিশন গঠনের বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। প্রতিমন্ত্রী জানান, প্রতিনিধিদলের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হবে।