বাগেরহাটের চিতলমারী উপজেলার কচুয়া গ্রামে শ্বশুরবাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা সামিয়া (২২) নামের এক তরুণী গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সজীব মেধা (২৭) ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে গেছেন।
নিহত সামিয়া চিতলমারীর বারাসিয়া গ্রামের আয়েব আলী সিকদার ও মোছা. আছিয়া খাতুনের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত সজীব মেধা কচুয়া গ্রামের মুজি মেধা ও রাবেয়া বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১ বছর ১ মাস আগে সামিয়ার সাথে সজীবের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনা ও পারিবারিক কোন্দল নিয়ে তাদের সংসারে কলহ লেগে থাকত। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই সাধারণ সাংসারিক ঝামেলাকে কেন্দ্র করে সজীব তার অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়াকে নির্মমভাবে মারধর করেন। একপর্যায়ে পেটানোর চোট সহ্য করতে না পেরে সামিয়ার মৃত্যু হলে লাশ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে সজীব পালিয়ে যান। নিহত সামিয়া এ সময় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এই নির্মম ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে চিতলমারী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা সামিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে এবং অপরটি গর্ভের সন্তান হত্যার অভিযোগে দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত সজীব মেধা পলাতক রয়েছে। চিতলমারী থানা পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।