যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং সুস্থ-সবল সমাজ গঠনের লক্ষ্যে নওগাঁয় প্রথমবারের মতো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি (হা-ডু-ডু) চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওগাঁ শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মনিরুজ্জামান, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ, সদস্য সচিব খায়রুল আলম গোল্ডেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আরআই আবু হেনা আতিকুর রহমানসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গণমাধ্যমকর্মী, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা, নারী উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় নওগাঁ জেলার প্রতিটি উপজেলা থেকে একটি করে পুরুষ ও নারী দল অংশগ্রহণ করছে। উদ্বোধনের পর সরাসরি নকআউট পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে একই দিন বিকেলে ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং তাদের মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। টুর্নামেন্ট সফল করতে নওগাঁর সর্বস্তরের মানুষকে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।