কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপসহ মো. মারুফ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক মারুফ হোসেন উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই মহসীন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই এলাকার রইচ উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তাঁর শরীর ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।