সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরিফুল ইসলাম আরিফ (৪৬) নামে স্থানীয় এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মেহগনি গাছের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের দানেজ আলীর ছেলে এবং স্থানীয় ‘সোনার বাংলা পল্লী উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও’র পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মেহগনি বাগানে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।