বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, শিল্প খাতের ক্ষতি ততই বাড়বে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। এতে বহু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে তৌফিক নামে এক পোশাকশ্রমিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, তৈরি পোশাক খাত দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন।
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখুন। আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি। একই সঙ্গে মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে নিহত শ্রমিক তৌফিকের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ডা. শফিকুর রহমান।