জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের যোগ্য নির্ভরশীলদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে দি ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।
শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ ও সুবিধা সম্প্রসারণে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্ট সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যেন সহজে ও কার্যকরভাবে এ চিকিৎসাসেবার সুযোগ নিতে পারে, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক ও চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন।
তিনি জানান, শিক্ষার্থীদের চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপাচার্যের নেতৃত্বে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।