২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের দিনে সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং একই উপজেলার নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টা ও সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন। অন্যদিকে রফিকুল ইসলাম গাজীও অন্য একটি চেক ডিজঅনারের মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানাদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন।
২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে যেসকল আসামি পালিয়ে যান, মোজাম ও রফিকুল তাদের অন্যতম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামনগর থানা পুলিশ অবশেষে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিচারিক আদালতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।