সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে পরকীয়ার অভিযোগে শরিফুল ইসলাম মোড়ল নামে স্থানীয় এক জামায়াতকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে তাকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শরিফুল ইসলাম মোড়ল উপজেলার আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক দায়িত্বের সাথে যুক্ত বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, টাউনশ্রীপুর উত্তরপাড়ার ওই গৃহবধূর সঙ্গে শরিফুলের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল বলে অভিযোগ ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর বসতঘরে ঢুকলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করেন। পরবর্তীতে ঘরের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় শরিফুলকে আটক করে দেবহাটা থানা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এদিকে আটকের পর ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, শরিফুল ইসলাম দলের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট ধারায় প্রসিকিউশন দায়েরের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।