পাবনার সাঁথিয়া উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে মনোনীত হওয়া সাংবাদিক শামীম আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। কতিপয় রাজনৈতিক পরিচয়ধারী কর্মী ও ব্যক্তি ‘মব’ (উত্তেজিত জনতা) সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই অনাকাঙ্ক্ষিত ও বেআইনি ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, শামীম আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত। পেশাগত পরিচয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর নিয়মিত ধর্মীয় আলোচক এবং বাংলাদেশ টেলিভিশনেরও (বিটিভি) ধর্মীয় অনুষ্ঠান পরিবেশনায় যুক্ত ছিলেন। সম্প্রতি সাঁথিয়া উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় তিনি সকল নিয়ম মেনে পরীক্ষা দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে মনোনীত হন।
অভিযোগে প্রকাশ, তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও কাজ পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় এলাকার কিছু প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ও কর্মী দলবদ্ধ হয়ে মানসিক চাপ ও ‘মব’ পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন মেধাবী ও সুপরিচিত মানুষকে এভাবে মব কালচারের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা চরম অন্যায়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী শামীম আহমেদের নিরাপত্তা নিশ্চিতসহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন।