গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা দক্ষিণপাড়া তেঁতুলবাড়ি এলাকায় এক রড ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের অস্ত্রাঘাতে কামরুন নাহার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী মঞ্জুর এবং মেয়ে মিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী মঞ্জুরের বাড়িতে হানা দেয়। ডাকাত দল ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মঞ্জুরের স্ত্রী কামরুন নাহারকে এলোপাতাড়ি কোপালে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে মঞ্জুর ও তাঁর মেয়ে মিম বাধা দিতে গেলে তাদেরও গুরুতর জখম করে ডাকাতেরা।
পাশের বাড়িতে থাকা মঞ্জুরের ছোট ভাই মাঞ্জাত আলী ঘটনাটি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেন। মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার হলে এলাকাবাসী এগিয়ে আসতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পরে স্বজনেরা আহত কামরুন নাহারকে উদ্ধার করে মঠবাড়ী এলাকার ডিভাইন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মঞ্জুর ও তাঁর মেয়ে মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী মঞ্জুর রড ব্যবসার পাশাপাশি নিজ বাড়িতে ভবন নির্মাণের কাজ করাছিলেন। ধারণা করা হচ্ছে, বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত ছিল এবং ডাকাতরা তা লুট করে নিয়ে গেছে। তবে লুট হওয়া মালামালের সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ, সার্কেল এএসপি, থানার ওসি এবং পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।