খুলনা-ঢাকা মহাসড়কে দূরপাল্লার বাস যাত্রীদের সেবার নামে চলছে চরম প্রহসন ও অমানবিক আচরণ। বাসের নির্ধারিত সামান্য বিরতিকে পুঁজি করে যাত্রীদের জিম্মি করার অভিযোগ উঠেছে ‘রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে। চড়া দামে অর্ডারের পরও খাবার না দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা এবং প্রতিবাদ করলে অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে যাত্রীদের।
অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার শেষ রাতে (রাত ২টা ১০ মিনিটে) খুলনা থেকে ঢাকাগামী একটি বাস নির্ধারিত ১৫ মিনিটের বিরতির জন্য রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্টে থামে। এই অল্প সময়ের মধ্যেই তাড়াহুড়ো করে খাবারের চাহিদা মেটাতে হয় দূরপাল্লার যাত্রীদের।
সেখানে এক যাত্রী ১২০ টাকা পরিশোধ করে চা ও কফির অর্ডার দেন। কিন্তু অর্ডারের ১৫ মিনিট পার হয়ে বাস ছেড়ে দেওয়ার সময় হলেও কাঙ্ক্ষিত খাবার পরিবেশন করা হয়নি। বারবার তাগাদা দেওয়া হলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এক ও অভিন্ন অজুহাত— “পানি গরম হচ্ছে, একটু বসেন”।
যাত্রীদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মহাসড়কের এই রেস্টুরেন্টে নিয়মিতই যাত্রীদের সঙ্গে এমন প্রতারণা করা হচ্ছে। দ্রুত সময়ের অজুহাতে অর্ডার নিয়ে বসিয়ে রাখা, সময় শেষ হলে খাবার না দেওয়া কিংবা বাধ্য করে মানহীন নিম্নমানের খাবার বিক্রি করাই এদের অভ্যাসে পরিণত হয়েছে। গভীর রাতে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে অবিলম্বে বিআরটিএ (BRTA) এবং স্থানীয় জেলা প্রশাসনের কঠোর মনিটরিং দাবি করেছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে দূরপাল্লার রুটে যাত্রী হয়রানি বন্ধে ব্যর্থ হলে এই রেস্টুরেন্টের লাইসেন্স বাতিলেরও জোর দাবি জানানো হয়েছে।