জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “জীবনের প্রথম ধাপে তোমরা সফলতা অর্জন করেছ। এই সফলতাকে সামনে রেখে ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখতে হবে। আগামী দিনে দেশ ও জাতির নীতি-নির্ধারণী পর্যায়ে গিয়ে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।” পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং কখনো অহংকার না করার পরামর্শ দেন তিনি।
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য জানান, প্রতিষ্ঠানটিকে একটি সত্যিকারের ‘ল্যাবরেটরি স্কুল’ হিসেবে গড়ে তুলে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ আজম খান এবং গভর্নিং বডির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।