নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে বিশেষ মরণোত্তর সম্মাননা তুলে দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত যেসব শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারকে এ সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উপাচার্য বলেন, “সমাবর্তন শুধু সনদ বিতরণের অনুষ্ঠান নয়, এটি পুরো নোবিপ্রবি পরিবারের মিলনমেলা। এই দীর্ঘ সময়ে আমরা আমাদের যেসব প্রিয় শিক্ষার্থীকে হারিয়েছি, তাঁদের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমলিন। সমাবর্তনের মূল আয়োজনে ১০ম থেকে ১৬তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।”
তিনি আরও জানান, সমাবর্তন উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। পাশাপাশি সমাবর্তনের নিবন্ধনের অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও প্রশাসন ইতিবাচক দৃষ্টি রাখছে।
প্রয়াত শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারকে সম্মাননা প্রদানের এ উদ্যোগকে সমাবর্তনের অন্যতম বিশেষ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।