মাগুরা সদর থানার সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন এমআর রোডে অবস্থিত মেরিকো বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ডিলারশিপ ‘ট্রাইকোন এন্টারপ্রাইজ’-এর অফিসে চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC)। ঘটনার সাথে জড়িত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, ২টি মোবাইল এবং চুরির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ সকালে মাস্ক পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের মালিকপক্ষ মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অভিযোগ প্রদান করলে তিনি সাইবার ক্রাইম সেলকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-এর তত্ত্বাবধানে সিসিআইসি-এর এসআই অজয় দাসের নেতৃত্বে একটি দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে মূল অপরাধীদের শনাক্ত করে। পরবর্তীতে ২৭ আগস্ট ২০২৬ গভীর রাতে মাগুরা শ্রীপুর থানার চর গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরির মূল পরিকল্পনাকারী মোঃ বাপ্পী হাসান (২৬) ও তার সহযোগী মোঃ আসিফ শেখ (২০)-কে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, চুরির সাথে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।