রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জমি কট-বন্ধকীর পাওনা টাকা কেন্দ্র করে দুই পক্ষের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় ঝুন্টু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পুকুর খননের মাটি রাখার জন্য প্রতিবেশী কালামের ছেলে রবিন স্থানীয় মুন্টুর একটি জমি এক বছরের জন্য ২১ হাজার টাকায় কট-বন্ধক নেন। তবে চুক্তির ছয় মাস পার হলেও রবিন কোনো টাকা পরিশোধ করেননি। পাওনা টাকা নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিষয়টি নিয়ে সালিশ বৈঠক ডাকলেও অভিযুক্ত পক্ষ সেখানে অনুপস্থিত ছিল।
পরদিন শনিবার সকালে মুন্টুর ভাই ঝুন্টুর সাথে কালামের দেখা হলে সালিশে না আসার কারণ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির সময়ে কালামের সজোর ধাক্কায় ঝুন্টু মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সোহান বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর প্রধান আসামি কালামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রোববার বাদ আসর ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, “ঘটনায় এজাহারনামীয় আসামি কালামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”