খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতি মামলায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭)-কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।
গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত ও তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণে উক্ত ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া পূর্বে গ্রেফতার হওয়া অন্য আসামিদের সাথেও তার সরাসরি যোগাযোগ ও পরিকল্পনা থাকার বিষয়টি তদন্তে বেরিয়ে এসেছে।
কেএমপি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহানগরীতে ডাকাত দলের উপদ্রব বাড়ায় জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে এই গ্রেফতারের মাধ্যমে পুলিশের অভিযানে বড় সাফল্য এলো।