চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার পরিচালিত মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ‘জামেউল উলুম মাদ্রাসা’য় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়।
অভিযুক্ত ব্যক্তি শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমিরের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি উক্ত জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসা পরিদর্শনে গেলে সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। পরে কক্ষটি খোলার নির্দেশ দেওয়া হলে ভেতর থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য এসব বীজ পাঠানো হয়েছিল। দূরবর্তী এলাকা হওয়ায় কৃষকদের প্রতিনিধির মাধ্যমে বীজগুলো দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হলেও তা না করে মাদ্রাসার কক্ষে আটকে রাখা হয়। কীভাবে সরকারি বীজ একজন রাজনৈতিক নেতার জিম্মায় মাদ্রাসায় এল, তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা ও মাদ্রাসা সুপার শামসুল ইসলাম হেলালী দাবি করেন, ১৭ বস্তা বীজের মধ্যে ৪ বস্তা বিতরণ করা হয়েছিল। ব্যস্ততার কারণে বাকি বীজ সময়মতো বিতরণ করতে পারেননি।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা বীজগুলো প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। ঘটনার পর মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। জবাবের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।