ঘুষ দাবি, সেবায় অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির দায়ে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ভূঁইয়া।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক। পরিদর্শনের সময় কার্যালয়ে উপস্থিত সেবাপ্রার্থীরা ঘুষ দাবি, ফাইল আটকে রাখা ও দালালের দৌরাত্ম্যসহ নানা অনিয়মের অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। সেবা কার্যক্রম পর্যালোচনা এবং অভিযোগের সত্যতা পাওয়ায় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ দায়িত্বরত চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক জানান, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাশিমপুর ভূমি অফিসে সাধারণ মানুষের সেবা কার্যক্রম সচল রাখতে দ্রুত বিকল্প জনবল পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরো জেলার ভূমি অফিস বরখাস্তের খবর বিভ্রান্তিকর: এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে “গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে”—এমন একটি তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি স্পষ্ট করে জেলা প্রশাসন। প্রশাসন জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। শুধু কাশিমপুর ভূমি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলার অন্যান্য সব ভূমি অফিসে স্বাভাবিক কার্যক্রম সচল রয়েছে।
প্রশাসনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরখাস্তকৃতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জেলার অন্যান্য ভূমি অফিসগুলোকেও নিবিড় নজরদারির আওতায় আনা হচ্ছে।