ফরিদপুর সদর (কোতোয়ালি) থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০।
শনিবার (১ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার গুহলক্ষ্মীপুর এলাকার কুটিবাড়ী লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করা অভিযানে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক শাহিন মোল্লা গুহলক্ষ্মীপুর এলাকার তারা মোল্লার ছেলে। র্যাবের দেওয়া তথ্য মতে, তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক ও চুরিসহ একাধিক অপরাধে মোট ৩টি মামলা রয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া এই অবৈধ অস্ত্রের মূল উৎস এবং এটি দিয়ে কোনো বড় অপরাধ ঘটানোর পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।