কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছাট কালুয়া গ্রামে প্রতিবন্ধী ভাতা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত এনজিওকর্মীর বিরুদ্ধে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, ছাট কালুয়া গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার স্ত্রী লাইলী বেগমকে সরকারি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ওই কথিত এনজিওকর্মী। একপর্যায়ে মিষ্টি কথা বলে ওই নারীর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। পরবর্তীতে টাকা নিয়ে পার্শ্ববর্তী কাঁঠালবাড়ী বাজারে যাওয়ার পর থেকেই তিনি রহস্যজনকভাবে আত্মগোপন করেন।
ভুক্তভোগী লাইলী বেগম আকুতি জানিয়ে বলেন, “প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি (০১৮৮৯-৮০৮০৪৯) বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার আর কোনো খোঁজ মিলছে না।”
এদিকে একজন অসহায় নারীর সাথে প্রতারণার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রতারককে শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।