কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঁৎ পেতে থাকা ভয়ংকর এক ডাকাত চক্রের বড় ধরনের পরিকল্পনা ভেস্তে দিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ত্রাস সৃষ্টি করা আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির একটি চৌকস দল।
গত ১৭ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— চাঁদপুরের চক্রের সর্দার জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), মোঃ মামুন মিজী (৪৫), মোঃ কবির ভূইয়া (৪০), মোঃ রবিউল আলম (৩৫) এবং মোঃ নজরুল ইসলাম (৩৫)।
ডিবি সূত্রে জানা যায়, চক্রটি পরানপুর বাজার এলাকায় একটি বড় ধরনের ডাকাতির উদ্দেশ্যে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় জড়ো হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ লালমাই বাজারে ফাঁদ পাতে। অপরাধ সংঘটনের মুহূর্তে ডাকাতদের ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ থেকে ২ জন এবং পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল আরোহী ৩ জনসহ মোট ৫ জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১টি নীল পিকআপ, ১টি ডিসকভার মোটরসাইকেল, বোল্ট কাটার, সেলাই রেঞ্জ, প্লাস, লোহার রড এবং ২টি কিরিজ ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সর্দার জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও ডিবির সাঁড়াশি অভিযান চলছে।