দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১০ বছরের প্রেম পূর্ণতা দিয়ে নিজের দীর্ঘদিনের জীবনসঙ্গী আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম নেওয়া জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে পর্তুগিজ ফরোয়ার্ড এখন আনুষ্ঠানিকভাবে ‘আর্জেন্টিনার জামাই’।
পর্তুগালের রাজধানী লিসবনের কাছে উপকূলীয় শহর কাসকাইসে এক একান্ত ও ঘরোয়া সিভিল আয়োজনে তারা একে অপরের হাতে হাত রাখেন। তাদের পাঁচ সন্তান এই শুভ মুহূর্তে উপস্থিত ছিল। পর্তুগিজ এই মহাতারকা তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের আংটি পরিহিত দুজনের হাতের একটি ছবি পোস্ট করে সংবাদের সত্যতা নিশ্চিত করেন। ক্যাপশনে শুধুমাত্র ‘C ❤️ G’ লিখে ভালোবাসা প্রকাশ করেছেন আল নাসর তারকা। সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই কোটি কোটি ভক্তের লাইক ও শুভকামনায় ভেসে যান এই দম্পতি।
প্রসঙ্গত, ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১১ আগস্ট বাগদানের খবর জানিয়েছিলেন জর্জিনা। ২০১৬ সালে মাদ্রিদে গুচির শোরুমে চাকরির সময়ে রোনালদোর সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। এরপর থেকে প্রতিটি পদক্ষেপে রোনালদোর সঙ্গে ছায়ার মতো ছিলেন তিনি। ক্যারিয়ারে স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস হয়ে এখন সৌদি আরবের আল নাসরে খেলছেন রোনালদো। পেশাদার ফুটবলে তাঁর গোলসংখ্যা ৯৭৬টি এবং পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৬টি গোল রয়েছে তাঁর ঝুলিতে।