কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। পুলিশের সহযোগিতায় উপজেলার পৃথক স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।
বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ায় আব্দুস সালাম ও মো. রুমান মিয়াজিকে ৬ মাস; মো. রিপন মিয়া ও হৃদয় মিয়াকে ৩ মাস; মো. ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে ১ মাস; মো. শহীদ মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ দিন; মো. হানিফ মিয়াকে ৭ দিন এবং মো. বাছির বাবুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।