দিনাজপুরের বিরামপুরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার লিটার চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপর এক অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) ২০২৬ তারিখে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মদসহ নারী কারবারি আটক:
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টা ২০ মিনিটে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া গ্রামের এমপি মোড় থেকে প্রায় ১০০ গজ সামনে চকপাড়াগামী পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোছা. আবিরন (৫০) নামের এক নারীকে চার লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে আটক করা হয়। আটক আবিরন বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া (আটিপুকুর) এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী। পুলিশ জানায়, এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।
মাদকসেবীর কারাদণ্ড:
এদিকে পৃথক আরেকটি অভিযানে নূর মোহাম্মদ (৪২) নামের এক মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে তাকে বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর কাটলা এলাকার বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “সমাজ থেকে মাদকের করাল গ্রাস ও এর বিস্তার রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিরামপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আগামীতে এ ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।”