কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সজীব আলী (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই এস এম কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অভিযানটি চালান।
পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া গোরস্থানপাড়ায় আসামির বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামি সাতবাড়িয়া গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ০১/০৯/২০২৬) রুজু করেছে।