দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবন। তবুও একটি সন্তানের মুখ দেখা হয়নি তাদের। আর এই অপরাধেই শেষ পর্যন্ত ভেঙে গেল বরিশালের হিজলার এক দম্পতির সুখের সংসার। সংসারটি টিকিয়ে রাখতে স্থানীয় সামাজিক সালিশে প্রকাশ্যে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী ইতি আক্তার। তবে স্ত্রীর বারবার আকুতি এবং কাকুতি-মিনতিতেও মন গলানি স্বামী রনি খানের।
শনিবার (৭ নভেম্বর) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। পরবর্তীতে বিচ্ছেদ ঠেকানোর এই করুণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হিজলার মাসকাটা গ্রামে সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীর সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রনি খান। তবে স্বামী রনি খানের দাবি, দীর্ঘ সাত বছর টানা চিকিৎসা করানোর পর তিনি নিশ্চিত হয়েছেন যে তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। এই কারণেই তিনি আর এই সংসার চালিয়ে যেতে ইচ্ছুক নন।
অন্যদিকে ইতি আক্তারের ভাই জুলহাস সরদার জানান, বিচ্ছেদ ঠেকাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা পুলিশের উপস্থিতিতে এক সালিশি বৈঠক বসে। সেখানে ইতি তার সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে আকুল আবেদন জানান। কিন্তু এতেও স্বামীর মন ভেজানো সম্ভব হয়নি।
হিজলা থানার এসআই আলী আজগর জানান, ইতি আক্তার লিখিত অভিযোগ করার পর উভয় পক্ষকে মিলিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করা হয়েছিল। তবে পরবর্তীতে সকল চেষ্টা ব্যর্থ হলে রবিবার সন্ধ্যায় কাজির মাধ্যমে তাদের আনুষ্ঠানিক তালাক সম্পন্ন হয়।
স্থানীয় সংবাদকর্মী মো. সেলিম রাড়ী জানান, সালিশের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা দেনমোহর ও অন্যান্য পাওনা নিষ্পত্তি সাপেক্ষে এই বিচ্ছেদ সম্পন্ন করা হয়েছে। সাত বছরের একটি সংসারের এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।