বাগেরহাটের কচুয়ায় নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের পচাগলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতরা হলেন— পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামের মৃত রশিদ শেখের মেয়ে মনিরা বেগম (৫৫), তার মা রাশিদা বেগম (৮৫) এবং আব্দার হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২২)।
স্থানীয় সূত্র ও প্রতিবেশীরা জানান, গত কয়েক দিন ধরে ওই বসতঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। হত্যার প্রকৃত কারণ এবং কীভাবে এ ঘটনা ঘটানো হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার কর্মকর্তা (তদন্ত) মাহামুদ হাসান জানান, ঘরে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে গলিত মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক আলামতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হলেও বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত শুরু হয়েছে।