বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় ও নৈহাটী বালাম কোনাপাড়া দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানসমূহের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ক্যাম্পেইনে আমন্ত্রিত বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং পুরো রাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।” বক্তারা শিক্ষার্থীদের মাদকের অপসংস্কৃতি ও প্রলোভন থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক ভূমিকা যথেষ্ট নয়। এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত সামাজিক আন্দোলন প্রয়োজন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ক্যাম্পেইন চলাকালে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মাদককে “না” বলার শপথ গ্রহণ করেন এবং নিজের পাশাপাশি পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি স্তরে সচেতন ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।