কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মুখ খুলে ঘটনাটিকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন।
সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা বলেন, আলেমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলেও আলেমদের বিরুদ্ধে কৃত্রিম অডিও তৈরি করে অপপ্রচার চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
আমির হামজা জানান, আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাকে একটি অডিও শুনিয়েছিলেন। সেখানে এক নারীর সঙ্গে কথোপকথনে থাকা ব্যক্তির কণ্ঠ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বলে দাবি করা হয়েছিল। তার অভিযোগ, সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ওই অডিও তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে আবারও আলেমদের বিরুদ্ধে একই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আলেমদের সম্মানহানির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে বগুড়ার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে আমির হামজা দাবি করেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে একসময় বহু পৃষ্ঠার অভিযোগ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে বাস্তবতার মিল ছিল না। আলেমদের সত্য কথা বলা থেকে বিরত রাখতেই এসব কর্মকাণ্ডের পেছনে ভারত জড়িত বলে অভিযোগ করেন তিনি।
এর আগে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে পোস্ট দেন।
ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তার হাতে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়ার কথা জানান।
ফাঁস হয়েছে বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথাও রয়েছে কথোপকথনে।
তবে প্রকাশিত অডিওতে শোনা কণ্ঠটি আমির হামজার কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে অডিওর সত্যতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।