সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার বীজ, সার ও চারাগাছ বিতরণ করা হয়েছে। একই সাথে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটিও প্রদান করা হয়।
গত শনিবার (৪ জুলাই) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম খান আলিম।
প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার:
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একের পর এক পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে বিনামূল্যে মানসম্মত বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হচ্ছে।” পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “কৃষি প্রণোদনার পাশাপাশি আমাদের সবাইকে ন্যূনতম একটি করে হলেও চারাগাছ রোপণ করতে হবে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে নির্দিষ্ট সময় পর সেই গাছ থেকে বড় অংকের আর্থিক সুবিধাও পাওয়া যাবে।”
উপস্থিত অতিথিবৃন্দ:
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।
রাজনীতিকদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. রেজাউল করিম, মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক এবং বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রেজাউল করিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।