কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নানের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ সাগর মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক শ্যামল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বিএনপি নেতা মোঃ শিয়াবুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম শিহাব এবং বাহাদুরপুর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ হাসান কারিগর।
প্রণোদনা বিতরণকালে ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও তোফাজ্জল হোসেন উপস্থিত থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ এবং উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
উপকরণ পেয়ে ভেড়ামারার কৃষকেরা সন্তোষ প্রকাশ করে জানান, সঠিক সময়ে সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে পাওয়ায় উৎপাদন খরচ কিছুটা কমবে এবং এটি তাদের চাষাবাদে আর্থিক চাপ থেকে স্বস্তি দেবে। কৃ্ষির সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতে সরকারি এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জোর দাবি জানান তারা।