লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় বিএনপির তিন নেতা মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় সমর্থন পেতে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে তারা বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশীদের মধ্যে রয়েছেন নওদাবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম, আহ্বায়ক সদস্য আবতাবুল হক সাজু এবং বিএনপি নেতা আনোয়ার হক সরকার।
প্রত্যাশী নেতাদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে নওদাবাস ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চান তারা।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নওদাবাস ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে নানা প্রত্যাশা রয়েছে। বিশেষ করে মাদকাসক্তি ও মাদক বেচাকেনা বন্ধে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা আবতাবুল হক সাজু বলেন, নওদাবাস ইউনিয়নের অনেক রাস্তাঘাট এখনো উন্নয়নবঞ্চিত। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। জনগণের সমর্থন পেলে এসব বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি সাবেক চেয়ারম্যান সোলায়মান গনির দ্বিতীয় সন্তান।
তবে চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন বা মনোনয়ন পাবেন, সেটিই এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। প্রত্যাশীদের বক্তব্য, দলীয়ভাবে যাকে সমর্থন দেওয়া হবে, তিনিই জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
স্থানীয়দের প্রত্যাশা, দলীয় সিদ্ধান্তের পাশাপাশি জনগণের মতামত ও এলাকার উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।