আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা ও কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় কয়রা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের পুরুষ ও মহিলা রুকন সদস্যদের উপস্থিতিতে জরুরি তারবিয়াতসহ আরকান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কয়রা সদর ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কয়রা উপজেলা তদারককারী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, মাওলানা এস এম আমিনুল ইসলাম ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী।
বৈঠকে প্রধান অতিথি মুন্সি মিজানুর রহমান কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সরদার জুলফিকার আলমের নাম ঘোষণা করেন। তিনি ব্যবসায়ী এবং কয়রা বাজার কমিটির একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে কয়রা সদর ইউনিয়নের জন্য উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করায় কয়রা সদর ইউনিয়নে জামায়াতের প্রার্থীর পদটি শূন্য হয়ে যায়। এ নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে প্রার্থী নিয়ে আগ্রহ তৈরি হয়।
নতুন করে সরদার জুলফিকার আলমের নাম ঘোষণার মধ্য দিয়ে কয়রা সদর ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলো। নির্বাচনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলে কয়রা সদর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।