খুলনার কয়রা উপজেলার পল্লীমঙ্গল এলাকায় ঝর্ণা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঝর্ণার বড় মেয়ে খাদিজার বয়স ৮ বছর এবং ছোট ছেলে হুসাইনের বয়স ৮ মাস।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই মাহফুজুর রহমান মিন্টুর ভাষ্য অনুযায়ী, ঝর্ণা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগেও ২/৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেন।
স্বামী মোঃ জাহাঙ্গীর আলম জানান, গতকাল বৃষ্টির কারণে মেলায় যেতে না পারায় আজ মেলায় যাওয়ার কথা ছিল। জুমার নামাজ পড়ে এসে তিনি ঘুমিয়ে পড়েন। বিকাল ৩টার দিকে স্ত্রী বড় মেয়েকে প্রসাব করতে যাওয়ার কথা বলে রান্নাঘরে যান। পরে ছোট ছেলের কান্নাকাটির শব্দে খোঁজাখুঁজি করতে গিয়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।