চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল অর্থনৈতিক অঞ্চলে একের পর এক কারখানা গড়ে উঠলেও স্থানীয় বাসিন্দারা কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। নিজেদের ভিটেমাটি ও জমি দিয়ে শিল্পায়নের পথ সুগম করলেও নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয়দের অগ্রাধিকার না দেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়দের প্রধান অভিযোগ, অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলোতে নিয়মিত জনবল নিয়োগ হলেও সেই বিজ্ঞপ্তির তথ্য স্থানীয় পর্যায়ে সঠিকভাবে প্রচার করা হয় না। ফলে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার তরুণ-তরুণীরা আবেদন করার সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছেন।
তবে কারখানা কর্তৃপক্ষের একাংশের দাবি, স্থানীয় প্রার্থীদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতার ঘাটতি থাকায় অনেক সময় তাঁদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে আবাসন ও যোগাযোগ ব্যবস্থার সংকটকে কারখানাগুলোতে শ্রমিক ঘাটতির কারণ হিসেবেও উল্লেখ করেন অনেকে।
সম্প্রতি ‘খাইশি লিনজেরি’ নামক একটি কারখানায় স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বেপজা কর্তৃপক্ষ। বেপজার প্রকল্প পরিচালক জানান, ওই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩ হাজার ৮০০ কর্মীর মধ্যে প্রায় ৩ হাজার ১০০ জনই মিরসরাই ও সীতাকুণ্ড এলাকার স্থানীয় বাসিন্দা।
এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দাবি— বেজা ও বেপজার উদ্যোগে একটি ডেডিকেটেড ‘স্থানীয় নিয়োগ সেল’ গঠন করা হোক। এই সেলের মাধ্যমে এলাকার বেকার যুবকদের ডাটাবেজ তৈরি করে কারখানার চাহিদানুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হলে শিল্পমালিকদের শ্রমিক সংকট যেমন দূর হবে, তেমনি স্থানীয়রাও উন্নয়নের সুফল পাবেন।