তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতির চর্চা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন’ (VCAW) শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালযের ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার—যবিপ্রবি ইউনিট’ এই বিশেষ কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ব্যক্তিগত ও সামাজিক পরিচয়, পারস্পরিক সহাবস্থান, বহুত্ববাদ, সামাজিক বৈচিত্র্য, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারসহ যুব নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দলগত কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বহুত্ববাদ ও সহনশীলতার চেতনায় উদ্বুদ্ধ করে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।