কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এটি গত অর্থবছরের তুলনায় রেকর্ড ৫৩.৮৫ শতাংশ বেশি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গর্ভনর মো. মোস্তাকুর রহমান নতুন এ কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে এই ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা এবং তার আগের অর্থবছরে ছিল ৩৮ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকদের সরাসরি সহায়তা প্রদান ও টেকসই অর্থনীতি গঠনে এ অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কৃষি ও পল্লী খাতে পর্যাপ্ত ঋণ সরবরাহের মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।