ছাত্রদল, জকসু, ছাত্রশিবির ও ছাত্রশক্তিসহ একাধিক পক্ষের মুখোমুখি অবস্থান ও সংঘাতের উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল থেকে ক্যাম্পাসে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে সার্বিক পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা প্রতিটি শিক্ষার্থীর পরিচয়পত্র (আইডি কার্ড) পরীক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করাচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাসের আশপাশে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কড়া নিরাপত্তার কারণে পুরো ক্যাম্পাসে এক ধরণের থমথমে অবস্থা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একই স্থান ও প্রায় একই সময়ে তিনটি পৃথক সংগঠন নিজ নিজ কর্মসূচির ঘোষণা দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় বুধবার (৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসন এই জরুরি নিষেধাজ্ঞা জারি করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচির ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হলো।