
পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সামাজিক ও সাইবার নিরাপত্তায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরগুনার আমতলীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
সোমবার (৩ আগস্ট ২০২৬) আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের GPMS উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমের আওতায় “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির মাধ্যমে চুনাখালী স্কুল অ্যান্ড কলেজ ও চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসি মিজ্ তাছলিমা আক্তার পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
এদিন একই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে “ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব” এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক “মাল্টিমিডিয়া ক্লাসরুম”-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সফরকালে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৮ জন ঋণগ্রহীতাকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ, ১৮ জন উপকারভোগীকে সেলাই মেশিন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ বান ঢেউটিন ও ৭০টি শুকনা খাবারের প্যাকেট এবং একজন কৃষকের হাতে তেল নিষ্কাশন যন্ত্র তুলে দেন তিনি।
এছাড়াও চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় ৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে হুইলচেয়ার এবং আমতলীর ৪৪ জন গ্রাম পুলিশকে যাতায়াতের সুবিধার্থে বাই-সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
এসব কর্মসূচিতে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইনসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলে
ন।