ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘বৃত্তি পরীক্ষা–২০২৫’-এ চমৎকার সাফল্য অর্জন করেছে ঢাকার ডেমরা সারুলিয়ার রেবেকা সরণিতে অবস্থিত ‘জামিয়া ইসলামিয়া ইশা’আতুল কুরআন মাদরাসা’। এতে প্রতিষ্ঠানটির ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তিসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু ইমামতি বা খতিব হিসেবেই সীমাবদ্ধ নয়। উপযুক্ত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে তারা আগামীতে রাষ্ট্রের উচ্চপদস্থ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনে সক্ষম হবে।”
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মাদরাসা কর্তৃপক্ষ হাঃ মাওলানা আব্দুল হালিম তালুকদার জানান, “এই সফলতা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও দ্বীনি শিক্ষার মানোন্নয়নে আমাদের এই সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা যেন সকল কৃতি শিক্ষার্থীর ইলম, আমল ও আখলাকে বরকত দান করেন এবং দ্বীনের খেদমতে কবুল করে নেন।”
উল্লেখ্য, ঢাকার ডেমরা এলাকায় দীর্ঘদিন ধরে কুরআন ও সহীহ ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে জামিয়া ইসলামিয়া ইশা’আতুল কুরআন মাদরাসা। নতুন এই সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে এক নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় গুণীজনেরা।