জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের শেষ অভিযান ছিল ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। কে হবেন পরবর্তী ০০৭—এ প্রশ্ন নিয়ে হলিউড থেকে শুরু করে বিশ্বজুড়ে ভক্তদের জল্পনার শেষ নেই। একের পর এক অভিনেতা অডিশন দিলেও সম্প্রতি এই প্রতিযোগিতায় নতুন মোড় নিয়েছে।
চলতি বছরের মে মাসে অ্যামাজন এমজিএম স্টুডিওস নতুন জেমস বন্ড খোঁজার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে। কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ডকে। গত অক্টোবরের শেষ সপ্তাহে জানা যায়, লন্ডনে চূড়ান্ত স্ক্রিন টেস্টের আয়োজন করা হয়েছে। যেখানে অভিনয়ের পাশাপাশি শারীরিক সক্ষমতা, অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা এবং সংলাপ বলার দক্ষতা যাচাই করা হচ্ছে।
শুরুতে ক্যালাম টার্নার ও জ্যাক লোডেনের নাম সবচেয়ে বেশি আলোচিত হলেও, সম্প্রতি ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা গেছে যে, হলিউড তারকা রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্টও গোপনে স্ক্রিন টেস্ট দিয়েছেন। ফলে প্রতিযোগিতার হিসাব-নিকাশ পাল্টে গেছে। বাজির বাজারে ৩৬ বছর বয়সী ক্যালাম টার্নারকে ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি থাকলেও, প্যাটিনসন ও হোল্টের সংযুক্তি পরিস্থিতিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
এদিকে ছবিটির পরিচালনা করছেন খ্যাতিমান নির্মাতা ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট। ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণে বড় পরিবর্তনের পর অ্যামাজন এমজিএম স্টুডিওর অধীনেই তৈরি হচ্ছে নতুন এই সিনেমাটি।
প্রযোজক অ্যামি প্যাসকেলের ইঙ্গিত অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে নতুন জেমস বন্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ২০২৭ সালে শুটিং শুরু হয়ে ২০২৮ সালে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে।